তিন মাসের মধ্যে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ

১৮ জানুয়ারি, ২০২১ ১৪:২৭  
ইন্টারনেট মাধ্যমে সরাসরি ভিডিও কটটেন্ট স্ট্রিমিং সেবা ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশ ও পরিবেশনের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে বিটিআরসি ও পুলিশের দেওয়া প্রতিবেদন পর্যবেক্ষণ করে সোমবার এই আদেশ দিয়েছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ। আদেশে তথ্য সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আগামী তিন মাসের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব এ বিষয়ক বিটিআরসির প্রতিবেদনটি দাখিল করেন। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ মহাপরিদর্শকের দেওয়া প্রতিবেদনটি উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটকারী পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।